স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রায় দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। তাই জনগণের প্রত্যাশাও অনেক বেশি। তিনি জানান, নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে গণতান্ত্রিক সংস্কার কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা হবে। এ লক্ষ্য পূরণে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে এবং বাজেট মঞ্জুরির জন্য অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতাও প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যুগোপযোগী উন্নয়নের জন্য সঠিক পরিকল্পনা প্রণয়ন জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা তৈরির নির্দেশ দেন তিনি।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অণুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-এমইউএম










