ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ফেনী–১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কাজী গোলাম কিবরিয়া স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এলাকার উন্নয়ন, সুশাসন ও সামাজিক সংস্কারের নানা পরিকল্পনা তুলে ধরেছেন। ২৫ জানুয়ারি শনিবার বিকালে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি বলেন, দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে এই আসনকে একটি “মডেল এলাকা” হিসেবে গড়ে তুলতে চান।
তিনি দাবি করেন, নেতৃত্বের পরিবর্তন হলেও এ অঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অবকাঠামো, সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে পিছিয়ে থাকার কথা তুলে ধরে তিনি নির্বাচিত হলে এসব খাতে অগ্রাধিকারভিত্তিক কাজ করার আশ্বাস দেন। মানুষের মৌলিক চাহিদা পূরণই হবে তার প্রধান লক্ষ্য বলে জানান।
এলাকার বন্যা ও জলাবদ্ধতা সমস্যার কথা উল্লেখ করে তিনি মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী এবং স্থানীয় খালগুলো খনন ও সংস্কারের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার পরিকল্পনার কথা বলেন। পাশাপাশি টেকসই বাঁধ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে স্থায়ী তদারকি ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
মাদক সমস্যাকে সামাজিক অবক্ষয়ের বড় কারণ উল্লেখ করে তিনি প্রতিরোধমূলক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেন। তরুণদের জন্য খেলাধুলা, নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও লাইব্রেরি সুবিধা বাড়ানো এবং ইউনিয়নভিত্তিক পুনর্বাসন ও পরামর্শকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান।
রাজনৈতিক সহনশীলতার আহ্বান জানিয়ে কাজী গোলাম কিবরিয়া বলেন, রাজনীতি হওয়া উচিত মানুষের সেবার মাধ্যম। নির্বাচিত হলে সব মত ও দলের মানুষের সঙ্গে আলোচনা করে উন্নয়ন পরিকল্পনা নেওয়ার কথা জানান তিনি। প্রশাসনিক হয়রানি বন্ধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বানও জানান।
সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে। দুর্নীতি দমনে স্বচ্ছতা নিশ্চিতের কথাও উল্লেখ করেন তিনি, যাতে সরকারি প্রকল্পের অর্থ সরাসরি জনকল্যাণে ব্যয় হয় এবং অগ্রগতি জনসম্মুখে প্রকাশ পায়।
শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে মানসম্মত শিক্ষা ব্যবস্থা, সরকারি হাসপাতালের সেবার মান বৃদ্ধি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন তিনি। সভায় তিনি সাংবাদিকদের সত্য, ন্যায় ও নিরপেক্ষতার নীতি অনুসরণের আহ্বান জানান এবং গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের নির্বাচনী প্রধান সমন্বয়ক মাও আবদুল মতিন, উপজেলা কমিটির উপদেষ্টা মুফতী যুবায়ের আল হাবীব, উপজেলা সেক্রেটারী মুফতী শাব্বীর আল হাবীব, উপজেলা মুজাহিদ কমিটির সদর সদস্য মুহাম্মদ ইবরাহিম, মুন্সিরহাট ইউনিয়ন সভাপতি মাও সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন ফুলগাজী উপজেলা সভাপতি মুহাম্মদ উমর বিন জামাল। মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন সমসাময়িক বিষয়ে প্রশ্ন করলে তিনি তার পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন।
জহিরুল ইসলাম রাজু, ফেনী










