নির্ভয়ে ভোট দিন, নিরাপত্তায় আপনাদের পাশে আছে বিজিবি: বাঘাইহাট ৫৪ বিজিবি

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদহ পাড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাঘাইহাট ৫৪ বিজিবির উদ্যোগে আয়োজিত এই সভায় নির্বাচনকালীন নিরাপত্তা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বাঘাইহাট ৫৪ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শিয়ালদহ পাড়া ও আশপাশের দুর্গম পাহাড়ি এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, সাজেক অঞ্চলের মতো প্রত্যন্ত এলাকায় যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। নির্বাচনের আগে ও চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল, নজরদারি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে বলেও সভায় জানানো হয়।

বিজিবি কর্মকর্তারা স্থানীয় জনগণকে গুজব, উসকানি ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা থেকে দূরে থাকার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে সহযোগিতা করার অনুরোধ করেন। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে কোনো সন্দেহজনক তৎপরতা বা সমস্যার তথ্য দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, কারবারি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির ভূমিকার প্রশংসা করেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে স্থানীয়দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিজিবি কর্মকর্তারা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

প্রসঙ্গত, দুর্গম পাহাড়ি জনপদে ভোটারদের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মতবিনিময় সভাকে স্থানীয়ভাবে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

দর্শন চাকমা ,রাঙ্গামাটি