কাউখালীতে পুলিশের অভিযানে ৬০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ২

রাঙামাটির কাউখালী থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে ৬০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চাঞেুয়ারুই (চেহেরী) বাজার সংলগ্ন মহাসড়কে পরিচালিত এক চেকপোস্টে তাদের আটক করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই ভবতোষ শীল ও এএসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বেতবুনিয়া মহাসড়কের চেকপোস্টে একটি সিএনজি তল্লাশি চালিয়ে ৬০ লিটার চোলাইমদ উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন-মোঃ জসিম (৩০): পিতা- কামাল উদ্দিন, গ্রাম- পশ্চিম দেওয়ান নগর (সন্দীপ পাড়া), থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম এবং মোহাম্মদ একরাম হোসেন সুমন (৩৫): পিতা- মোঃ শাহ আলম, গ্রাম- কোতয়ালী ঘোনা (পশ্চিম গহিরা), থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দর্শন চাকমা ,রাঙ্গামাটি