আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালটের মধ্যে প্রায় ৩০ হাজার ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এখন পর্যন্ত দেশে এসে পৌঁছানো ব্যালটের সংখ্যা ২৯ হাজার ৭২৮টি।
বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী ভোটারদের ঠিকানায় এ পর্যন্ত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ জন ভোটার। ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন।
ভোটদান শেষে প্রবাসী ভোটাররা যে ব্যালটগুলো ডাক বাক্সে জমা দিয়েছেন, তার সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি। এসব ব্যালটের মধ্য থেকে ২৯ হাজার ৭২৮টি ইতোমধ্যে দেশে পৌঁছেছে বলে জানিয়েছে ইসি।
এবার প্রথমবারের মতো দেশের ভেতরের তিন শ্রেণির নাগরিক পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তারা হলেন সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দিরা। পাশাপাশি বিশ্বের ১২০টিরও বেশি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসব প্রার্থী আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।