আধুনিক প্রযুক্তিতে আখ চাষে সফলতা: জয়পুরহাটে ফলাফল প্রদর্শনী

গুণগত মানসম্পন্ন আখ উৎপাদন নিশ্চিত করা এবং একরপ্রতি আখের ফলন বৃদ্ধি করার লক্ষ্যে জয়পুরহাট চিনিকলের পাঁচবিবি সাবজোনের ভাসানী আখক্রয় কেন্দ্রে একটি ফলাফল প্রদর্শনী সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত এ সভায় আখ চাষে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত ব্যবস্থাপনা কৌশল এবং মাঠপর্যায়ের বাস্তব ফলাফল বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা। তিনি বলেন, “চিনি শিল্পকে টেকসই ও কার্যকরভাবে পরিচালনা করতে হলে আখের গুণগত মান উন্নয়ন এবং একরপ্রতি ফলন বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে কৃষক ও মিল কর্তৃপক্ষের মধ্যে সমন্বিত উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি), সদর দপ্তর ঢাকা-এর মহাব্যবস্থাপক (মিলস ফার্ম) মোহাম্মদ শহীদ উল্লাহ। তিনি আখ চাষে আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ, উন্নত জাত নির্বাচন, সময়োপযোগী পরিচর্যা এবং বিজ্ঞানভিত্তিক চাষাবাদ পদ্ধতির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ ফজলে রাব্বী। তিনি চলতি মৌসুমে আখ উৎপাদনের সামগ্রিক ফলাফল তুলে ধরে বলেন, “সঠিক বীজ নির্বাচন, সুষম সার ব্যবস্থাপনা এবং কার্যকর রোগবালাই দমন পদ্ধতি অনুসরণ করলে একরপ্রতি আখের ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব।”

ফলাফল প্রদর্শনী সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন মিলের ডিজিএম (সম্প্রসারণ ও সিপি) কৃষিবিদ মোঃ আব্দুর রউফ, ডিজিএম কৃষিবিদ মোঃ হুমায়ুন কবীর (এসআই অ্যান্ড এগ্রো), ডিজিএম তাহমিনা সুলতানা (ঋণ), সাবজোন প্রধান লিটন কুমার মন্ডল, ডিএম (সম্প্রসারণ), আখচাষী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু তালেব চৌধুরী বাবুসহ সংশ্লিষ্ট কেন্দ্রের সিডিএ, সিআইসি এবং বিভিন্ন এলাকার আখ চাষিরা।

সভায় অংশগ্রহণকারী আখ চাষিরা প্রদর্শিত উৎপাদন ফলাফল সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে নিজেদের অভিজ্ঞতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতবিনিময় করেন।

সভা শেষে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের ফলাফল প্রদর্শনী কার্যক্রম আখ চাষিদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক চাষাবাদে আরও উৎসাহিত করবে এবং জয়পুরহাট মিল এলাকায় আখ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

মোঃ জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট/