বিলাইছড়ি কেংড়াছড়ি ভয়াবহ অগ্নিকাণ্ড: নিঃস্ব কাসেম মেম্বারের পরিবার

রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ও ইউপি সদস্য মোঃ কাসেমের বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বসতঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এতে কাসেম মেম্বারের পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

পরিবারের সদস্য মোসাঃ বিথী জানান, “গভীর রাতে হঠাৎ মশারিতে আগুন দেখতে পেয়ে আমাদের ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।”

তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।

পরিবারের আরেক সদস্য মোসাঃ পারভীন জানান, ঘুম থেকে জেগে প্রথমেই তিনি রান্নাঘরের চালের ওপর আগুন জ্বলতে দেখেন।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের ভেতর থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি তারা।

ভুক্তভোগী পরিবারটির ভাষ্য অনুযায়ী, ঘরে থাকা নগদ অর্থ, জরুরি কাগজপত্র ও মূল্যবান আসবাবপত্রের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

আগুনের প্রচণ্ডতায় অল্প সময়ের মধ্যেই বসতবাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। জীবন বাঁচাতে পরনের কাপড়েই কোলের শিশুদের নিয়ে কোনোমতে ঘর থেকে বেরিয়ে আসেন তারা। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর প্রাথমিক প্রচেষ্টার পর দক্ষতার সঙ্গে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করে।

সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

এই আকস্মিক দুর্ঘটনায় কাসেম মেম্বারের পরিবারটি এখন সহায়-সম্বলহীন হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে প্রশাসনের জরুরি সহায়তা এবং স্থানীয় বিত্তবান ও সহানুভূতিশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করা হয়েছে।

-দর্শন চাকমা, রাঙ্গামাটি