রংপুর-১ আসন: জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ বহাল রাখলেন আপিল বিভাগ। আদালতে মঞ্জুম আলীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, মোহাম্মদ হোসেন লিপু, সৈয়দ মামুন মাহবুব, ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী। বিএনপির প্রার্থীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

পরে আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, গত ২১ জানুয়ারি হাইকোর্ট রংপুর-১ (গঙ্গাচড়া ও রসিকের ১-৯ নম্বর ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। আপিল বিভাগ আজ হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন।

গত ১৭ জানুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও রসিকের ১-৯ নম্বর ওয়ার্ড) আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
আব্দুল আউয়াল, গংগাচড়া (রংপুর)