দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপিকে ভোট দিতে না পারা মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে এবার ঐক্য গড়ে উঠেছে।
বিএনপি বর্তমানে মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে, আর তা দেখে একটি দল ঈর্ষান্বিত হয়ে উঠেছে বলে মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার গুজিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম।
তিনি আরও বলেন, কোনো দলের নেতৃত্ব সৎ ও শক্তিশালী হলে সেই দলে কর্মী কিংবা ভোটের সংকট থাকে না। কারণ জনগণ আপনাদের কথা বিশ্বাস করে এবং আপনাদের ওপর আস্থা রাখে। এই দলকে ভালোবাসতে গিয়ে অনেকেই নিজের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন।
যারা এক সময় জান্নাতের টিকিট বিক্রির মতো প্রতারণা করে দেশের মানুষের কাছে ধরা পড়েছে, তারাই আজ নির্বাচনকে বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে। এদিকে মীর শাহে আলমের আগমনের খবরে হাজার হাজার নারী-পুরুষ জনসভায় অংশ নেন। পরে জনসভা রূপ নেয় জনসমুদ্রে। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
গোলাম রব্বানী শিপন, মহাস্থানগড়- বগুড়া/










