ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে পাঁচবিবিতে বিজিবির টহল জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে।
২৭ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৫ টায় পাঁচবিবি-হিলি সড়কের নাকুরগাছি এলাকায় বিজিবি চেক পোষ্টে আয়োজিত এক প্রেস কনফারেন্সে ২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল লতিফুল বারী জানান, আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।

নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা মেনে এই বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারেরও অধিক সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৬টি উপজেলা ব্যতিত সর্বমোট ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।

নির্বাচনকালীন মোতায়েনের অংশ হিসেবে জয়পুরহাট জেলার ২টি আসনে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) কর্তৃক পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য নিয়োগ করা হবে। এছাড়াও জয়পুরহাট সদর উপজেলার ৩ টি ইউনিয়ন ও পাঁচবিবি উপজেলায় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) কর্তৃক পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য নিয়োগ করে এককভাবে দায়িত্ব পালন করবে, সর্বমোট ২৪ প্লাটুন প্রায় আনুমানিক ৫শ জনের অধিক বিজিবি সদস্য নির্বাচনী কর্তব্যে নিয়োগ করা হবে বলে জানান তিনি। সীমান্ত এলাকায় এ লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন যানবাহনে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করা হয়েছে। সংবাদ সম্মেলনে ২০ বিজিবির সহকারি পরিচালক ইমরান হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট/