খুলনা বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি, শিক্ষকের ওপর নিষেধাজ্ঞা

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রুবেল আনসারকে আগামী দুই বছরের জন্য একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের আগস্টে এক নারী শিক্ষার্থী অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে অশালীন আচরণ, যৌন হয়রানি এবং অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ আনেন। পরবর্তী সময়ে অন্য একটি বিভাগের আরও এক নারী শিক্ষার্থী একই ধরনের পৃথক অভিযোগ করেন। এসব অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ কেন্দ্রের তদন্ত কমিটি গত ২৬ ডিসেম্বর দুটি পৃথক প্রতিবেদন জমা দেয়। সেগুলো ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৩৪তম সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়।

সিন্ডিকেট সভায় তদন্ত কমিটির সুপারিশ পর্যালোচনা করে একটি অভিযোগ থেকে অধ্যাপক রুবেল আনসারকে অব্যাহতি দেওয়া হয়। তবে অন্য অভিযোগের ক্ষেত্রে তাকে আগামী দুই বছর বাংলা ডিসিপ্লিনে পাঠদান, পরীক্ষা গ্রহণসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার আনুষ্ঠানিকভাবে তাকে এ বিষয়ে জানানো হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, দায়িত্ব থেকে অব্যাহতি পেলেও এই সময় অধ্যাপক রুবেল আনসার তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বহাল রাখবেন।

এ বিষয়ে অধ্যাপক ড. রুবেল আনসার বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের চিঠি পেয়েছেন এবং পরে ভেবে চিন্তে এ বিষয়ে বক্তব্য দেবেন।

আফরিনা সুলতানা/