টেকনাফে পাহাড়ি এলাকায় ছয় কৃষক অপহৃত

ছবি: সংগৃহীত

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে মিনাবাজার কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা সবাই হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। অপহৃতরা হলেন মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০), মোজাহের (৬০) এবং মোস্তাক (১২)।

স্থানীয়দের বরাতে জানা যায়, ওই কৃষকেরা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। কাজের সময় হঠাৎ সশস্ত্র একদল লোক সেখানে এসে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়।

অপহৃতদের পরিবারের সদস্যরা জানান, হঠাৎ এ ঘটনায় তারা চরম উৎকণ্ঠায় রয়েছেন। দ্রুত তাঁদের উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজনরা।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র জানান, মিনাবাজার কোনাপাড়া এলাকা থেকে ছয়জন অপহরণের খবর পাওয়ার পরই পুলিশ তৎপরতা শুরু করেছে। অপহৃতদের উদ্ধার করতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

সাবরিনা রিমি/