নির্বাচনী প্রচারণায় সহিংসতা: চট্টগ্রামের দুই আসনে বিএনপি-জামায়াত মুখোমুখি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রামের রাজনীতির মাঠ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) পৃথক দুটি স্থানে নির্বাচনী প্রচারণা ও পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় উভয় দলের অন্তত ৯ জন নেতাকর্মী আহত হয়েছেন।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদরপাড়া এলাকায় ধানের শীষের ব্যানার ও ফেস্টুন টাঙাতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই বিএনপি কর্মী। আহতরা হলেন শামসুল আলম (৬১) ও মো. দেলোয়ার হোসেন (৪৫)।
বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের দাবি, জামায়াত কর্মীরা ব্যানার টাঙাতে বাধা দিলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। তবে উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন এই অভিযোগ অস্বীকার করে একে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল হিসেবে অভিহিত করেছেন। সাতকানিয়া থানার ওসি জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একই দিন রাতে চট্টগ্রাম-১০ আসনের আমবাগান রেলগেট এলাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালীর গণসংযোগে হামলার ঘটনা ঘটে। দলটির দাবি অনুযায়ী, স্থানীয় বিএনপি কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় আহত ৭ জন হলেন: এরশাদ উল্লাহ, গোলাম মঞ্জুর মোরশেদ, বারাকাত উল্লাহ, মো. বাহার, জসিম উদ্দিন, মহিবুল্লাহ ও মো. আরিফ।
জামায়াত প্রার্থী অভিযোগ করেছেন, হামলার সময় কর্মীদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। খবর পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লামিয়া আক্তার