সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে না, সে কারণে তিনি সবার প্রতি সম্মান জানিয়ে ভোট প্রার্থনা করছেন। তিনি বলেন, বিএনপি, মুক্তিযোদ্ধা দলসহ সব শ্রেণি-পেশার মানুষ যেন ঐক্যবদ্ধভাবে তাকে ভোট দেন, যাতে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে পারেন।
নির্বাচনী জনসভায় তিনি বলেন, এর আগে সংসদ সদস্য থাকাকালীন সময়ে তালা ও কলারোয়া এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি ভূমিকা রেখেছেন। আগামী দিনে তালাকে পৌরসভায় উন্নীত করা, পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণা, তালা বাইপাস সড়ক নির্মাণ, কপোতাক্ষা নদীর ওপর কানাইদিয়া–কপিলমুনি সেতু, মাইকেল মধুসূদন দত্তের যাতায়াতের জন্য একটি সেতু এবং একটি আধুনিক খেলার স্টেডিয়াম নির্মাণসহ তালা ও কলারোয়ার সামগ্রিক উন্নয়ন করা হবে। তিনি আরও বলেন, পাটকেলঘাটা উপজেলা হিসেবে ঘোষণা পেলে এ অঞ্চলের উন্নয়ন আরও দ্রুত এগিয়ে যাবে।
তিনি বলেন, যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সম্পত্তির কোনো ধরনের ক্ষতি হতে দেওয়া হবে না। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিএনপির বিশেষ সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ী হাইস্কুল মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী সমাবেশে তিনি এসব বক্তব্য দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলম সরদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মেল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান মহব্বত হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মীজা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, জাসাসের সাধারণ সম্পাদক রাসের বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে স্কুল মাঠে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা বলেন, তালা ও কলারোয়ার উন্নয়নের জন্য সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের কোনো বিকল্প নেই।
-মোঃ আব্দুস সালাম, সাতক্ষীরা/










