আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, পৌরসভার তিনবারের সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের পক্ষে রাজপথে নেমেছেন ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতারা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর শহরের প্রধান প্রধান বাণিজ্যিক এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ পরিচালনা করা হয়।
সাবেক ছাত্রনেতা ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাহবার কবির পিয়ালের নেতৃত্বে এই গণসংযোগ কর্মসূচি পালিত হয়। প্রচারণাকালে নেতৃবৃন্দ বাহাদুরবাজারের চাউলহাটি, মাংসহাটি, মুরগিহাটি এবং সকল মুদি ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করেন। পরবর্তীতে মিছিলটি স্টেশন রোড ও পুরাতন বাহাদুরবাজারসহ আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে।
গণসংযোগকালে রাহবার কবির পিয়াল বলেন, “দিনাজপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। ধানের শীষের জয় মানেই জনগণের অধিকার পুনরুদ্ধার। আমরা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি এবং ইনশাআল্লাহ বিপুল ভোটে ধানের শীষ জয়ী হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন: ব্যাংকার কাজী আব্দুল হালিম, হাফিজুল কাদের লাবু, আবু তাহের আবু, গোলাম রসুল রকেট, মিজানুর রহমান, ওবায়দুল, মোঃ ইউনুস, রুহুল আমিন, একরামুল হক ও শাহজাদাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
ব্যবসায়িক এলাকায় এই গণসংযোগ সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
–মোঃ ইউসুফ আলী, দিনাজপুর










