জহিরুল ইসলাম রাজুঃ ফেনীর ফুলগাজীতে গণসংযোগ ও পথসভা করেছেন জামায়াতে ইসলামী মনোনীত ফেনী–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস এম কামাল উদ্দিন। মঙ্গলবার বিকাল ৩টা থেকে শুরু হওয়া এ প্রচার কার্যক্রমে তিনি ফুলগাজী সদর ইউনিয়নের বাশুড়া, মুন্সিরহাট ইউনিয়নের জগতপুর ও নোয়াপুর এবং আনন্দপুর ইউনিয়নের চন্দনবিয়া এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন এস এম কামাল উদ্দিন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, নায়েবে আমীর আবুল হোসেন মিয়াজি, সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনী–১ আসনের নির্বাচনী সমন্বয়ক আহসানুল মাহবুব জুবায়েরসহ দলীয় ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এস এম কামাল উদ্দিন বলেন, দেশের মানুষ অতীতের শাসনামলে নানা অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। এসব কারণে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ভোটাররা পরিবর্তন চান এবং ন্যায়ভিত্তিক শাসন প্রত্যাশা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, “এই নির্বাচনে সাধারণ মানুষ ন্যায়-ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবে।”
তিনি উপস্থিত ভোটারদের কাছে তাঁর দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
ফেনী প্রতিনিধি










