মৌলভীবাজরে চা শিল্পে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন বানচালের অপচেষ্টা ও চা শিল্পে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল স্মারকলীপি প্রদান করেছে চা শ্রমিকরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ভাড়াউড়া চা বাগান থেকে পাঁচ শতাধিক চা-শ্রমিকের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভাড়াউড়া থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ হয়ে ভানুগাছ সড়কের শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরে এসে শেষ হয়। পরে সেখানে চা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশন শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেনের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বরাবর স্মারকলীপি প্রদান করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এর মাধ্যমে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, কার্যকরী সভাপতি বৈশিষ্ঠ তাঁতী, সহ সভাপতি জেসমিন আক্তার, সহ সম্পাদক রেখা বাক্তি, বালিশিরা ভ্যালীর সাংগঠনিক কর্ণ তাঁতী, সহ সভাপতি সবিতা গোয়ালা, মনু ধলাই ভ্যালীর সম্পাদক নির্মল পাইনকা প্রমুখ।
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, আমরা চা শ্রমিক ইউনিয়নের নিবাচিত কমিটি। আমাদের কমিটির মেয়াদ শেষ হওয়ার আগ থেকেই আমরা নিবাচনের দাবীতে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি।
সাধারণ চা শ্রমিকদের দাবীর প্রেক্ষ্রিতে আমরা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি যেন দ্রুত নির্বাচন দেওয়া হয়। কিন্তু একটি পক্ষ হঠাৎ করেই এই নির্বাচন বানচাল করতে উঠে পরে লেগেছে। যেখানে সারাদেশের চা শ্রমিকরা নির্বাচন চায় সেখানে তারা নির্বাচন ছাড়াই জোড় করে ক্ষমতা দখল করার পায়তারা করছে। আমরা এই বিষয়ে আজ সরকারের উচ্চ পর্যায়ে স্মারকলীপি প্রদান করেছি।
শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেন বলেন, আমরা সকলে মিলে চা শিল্প রক্ষায় কাজ করবো। আজ শ্রমিকরা যে স্মারকলিপি দিয়েছেন সেই স্মারকলিপি আমি মহাপরিচালকের কাছে পাঠাবো। আপনাদের দাবীর কথা মৌখিক ভাবে জানাবো।
-রিপন আহমদ, মৌলভীবাজার