মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’ উপস্থাপনার মাধ্যমে আলোচনায় থাকা অভিনেত্রী ও উপস্থাপক আইশা খান এখন নতুন কাজে ব্যস্ত হতে যাচ্ছেন। দীর্ঘ চার মাস টানা শুটিংয়ের পর সদ্য শেষ হয়েছে ‘ম্যাজিক বাউলিয়ানা’র ক্যাম্প। এরই মধ্যে এনটিভির বিনোদনমূলক অনুষ্ঠান ‘রাতের আড্ডা’ উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন তিনি। আগামী শুক্রবার থেকেই অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে দেখা যাবে আইশা খানকে। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর একাধিক নাটক।
আগামী কাজের পরিকল্পনা প্রসঙ্গে আইশা খান জানান, ‘ম্যাজিক বাউলিয়ানা’র উপস্থাপনা শুরু হয়েছিল গত ২৮ আগস্ট, যা শেষ হয়েছে ১২ জানুয়ারি। এর মাঝখানে এনটিভির একটি শো উপস্থাপনা করলেও সেটি বন্ধ হয়ে যায়। এবার আবার ‘রাতের আড্ডা’র মাধ্যমে এনটিভিতে ফিরছেন তিনি। পাশাপাশি আগামী মাস থেকেই আবার অভিনয়ে নিয়মিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে আইশা খান জানান, তাঁর কাজিনরা বিয়ের পর দেশের বাইরে থিতু হয়েছেন। সবাই একসঙ্গে ছুটি না পাওয়ায় পারিবারিক অনুষ্ঠানে একত্র হওয়া সম্ভব হয়নি। সেই কারণেই বিয়ের তারিখ আগে থেকেই ঠিক করে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ২১ ডিসেম্বর বিয়ে করার ইচ্ছা থাকলেও কোন বছরের ২১ ডিসেম্বর হবে, তা এখনো চূড়ান্ত নয়।
সম্প্রতি প্রথম আলোর সঙ্গে আলাপে আইশা খান জানান, ‘ম্যাজিক বাউলিয়ানা’ নিয়ে টানা চার মাস খুব ব্যস্ত সময় কাটাতে হয়েছে তাঁকে। এই সময় ক্যাম্পে নির্দিষ্ট রুটিনের মধ্যেই থাকতে হয়েছে। শুটিং শেষ হওয়ার আগে মাত্র দুই সপ্তাহের মতো অবসর পেয়েছিলেন। দীর্ঘ ব্যস্ততার পর হাওয়া বদলের জন্য গত ১৮ ডিসেম্বর তিনি ব্যাংককে যান। সেখানেই জীবনের প্রথমবার দেশের বাইরে নতুন বছর উদ্যাপন করেন। ভিন্ন ধরনের অভিজ্ঞতা হিসেবে এই ভ্রমণকে দেখছেন তিনি।
আইশা খান বলেন, ‘ম্যাজিক বাউলিয়ানা’র ক্যাম্পে প্রায় দেড় মাস থাকায় নতুন নাটকে কাজ করা সম্ভব হয়নি। তবে তার আগে সাপ্তাহিক শোর ফাঁকে চারটি নাটকে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে দুটি ইতোমধ্যে প্রচারিত হয়েছে। বাকি দুটি—‘আমি একজন খুনি বলছি’ ও ‘হৃদয়ে তুমি’ (নাম পরিবর্তিত হতে পারে)—আসন্ন ঈদে প্রচারের কথা রয়েছে।
শিল্পজগতের নানা বিষয়েও নিজের মতামত দিয়েছেন আইশা খান। পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রে সবার জন্য একই নিয়ম থাকা উচিত বলে মনে করেন তিনি। শিল্পী হোক বা প্রোডাকশনের কর্মী—৩০ কর্মদিবসের মধ্যে পারিশ্রমিক পরিশোধের নিয়ম সবার জন্য সমানভাবে কার্যকর হওয়া প্রয়োজন বলে জানান তিনি। এ বিষয়ে ডিরেক্টরস গিল্ড ও অ্যাক্টরস ইকুইটির দৃষ্টি আকর্ষণ করেন এই অভিনেত্রী।
-বিথী রানী মণ্ডল










