অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে বন্দুকধারীর হামলায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্যমতে, নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আরেকজন পুরুষ গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল। খবর রয়টার্সের।
হামলাকারীকে ধরতে সিডনি থেকে প্রায় ৬১১ কিলোমিটার পশ্চিমে অবস্থিত লেক কারজেলিগো শহরে অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি গৃহস্থালি সহিংসতা থেকে ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একজন সশস্ত্র ব্যক্তি এলাকায় অবস্থান করছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
এর আগে গত মাসে সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে বন্দুক হামলায় ১৫ জন নিহত হন। সেটি গত কয়েক দশকের মধ্যে দেশটির সবচেয়ে বড় গোলাগুলির ঘটনা হিসেবে বিবেচিত হয়। ওই ঘটনার কয়েক মাসের মধ্যেই নিউ সাউথ ওয়েলসে আবারও এ ধরনের হামলার ঘটনা ঘটল।
নিউ সাউথ ওয়েলস রাজ্যটি অস্ট্রেলিয়ায় অস্ত্র ব্যবহারের দিক থেকে পরিচিত। সেখানে একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি পান। তবে অস্ত্রের লাইসেন্সধারীদের জন্য গান ক্লাবের সদস্য হওয়া বাধ্যতামূলক।










