রাজবাড়ী-১ আসনের বিএনপি প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসনে নিষ্পেষিত হয়েছে। এখন সময় এসেছে পরিবর্তনের। গতকাল রাজবাড়ী পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক পথসভায় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশ হবে সমৃদ্ধ ও বৈষম্যহীন এক নতুন রাষ্ট্র।
পথসভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তারেক রহমানের জনকল্যাণমূলক পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, “আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে প্রতিটি অভাবী পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এর মাধ্যমে আপনারা পরিবার-পরিজন নিয়ে সম্মানের সাথে বেঁচে থাকতে পারবেন। এছাড়া কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে ‘স্বাস্থ্য কার্ড’ প্রবর্তন করা হবে।”
বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছর শেখ হাসিনা অনিয়ম, দুর্নীতি, লুটপাট এবং খুন-গুমের রাজত্ব তৈরি করেছিলেন। গণতন্ত্রকে ধ্বংস করে পাতানো নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। এবারের নির্বাচন সম্পর্কে তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকার চলে গেলেও ভোট চুরির প্রবণতা এখনো শেষ হয়ে যায়নি। একটি চক্র এখনো আপনাদের অধিকার হরণ করতে ব্যস্ত। তাই আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টার মধ্যে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে নিজের অধিকার রক্ষা করবেন।”
পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ মজনুর সভাপতিত্বে এই পথসভায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। তারা এলাকার সাধারণ মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ গড়ার কারিগর তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।