আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা তিনটি আসনের মোট ১৯ জন প্রার্থীর হাতে নিজ নিজ নির্বাচনী প্রতীক তুলে দেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ-১ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবীর, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিক এবং স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজাসহ অন্যান্য প্রার্থীরা প্রতীক গ্রহণ করেন।
মানিকগঞ্জ-২ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এখানে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, জাতীয় পার্টির প্রার্থী এস এম আব্দুল মান্নান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী সালাউদ্দিনসহ অন্যান্য প্রার্থীরা নির্বাচনী প্রতীক পান।
অন্যদিকে মানিকগঞ্জ-৩ আসনে সর্বাধিক ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা, জামায়াত সমর্থিত প্রার্থী সাঈদ নূরসহ স্বতন্ত্র ও বিভিন্ন দলের প্রার্থীরা প্রতীক গ্রহণ করেন।
প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ও নিরপেক্ষভাবে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর আহ্বান জানান।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে মানিকগঞ্জের তিনটি আসনেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
-অভি হাসান, মানিকগঞ্জ










