ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বেজে উঠেছে। প্রতীক বরাদ্দের পর বুধবার থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচারণা। প্রচারণার প্রথম দিনেই রাজপথ কাঁপাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় কাল মাঠে নামছে বিএনপি। প্রচারণার প্রথম দিনেই দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের ৬টি গুরুত্বপূর্ণ জেলায় নির্বাচনী জনসভা ও পথসভায় অংশ নেবেন। আজ বুধবার গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মব্যস্ত সফরসূচি ঘোষণা করা হয়েছে।
ঐতিহ্য মেনেই বিএনপি তার নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে আধ্যাত্মিক নগরী সিলেট থেকে। আজ বুধবার রাতেই তারেক রহমান সিলেট পৌঁছাবেন এবং হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
দুপুর: মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক সমাবেশে যোগ দেবেন।
বিকেল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব এবং নরসিংদী পৌর পার্কে জনসভা শেষে নারায়ণগঞ্জের আড়াইহাজার বা রূপগঞ্জে দিনের শেষ সমাবেশে অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রচারণা শেষে কাল রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে। তারেক রহমানের এই ঝটিকা সফরে তার সঙ্গে থাকছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ একঝাঁক তরুণ নেতা। এদের মধ্যে রয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মামুন হাসান, মোনায়েম মুন্না, শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিব। দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
প্রচারণা শুরুর ঠিক আগ মুহূর্তে আজ রাত ১২টা ১ মিনিটে রাজধানীর লেকশোর হোটেলে বিএনপির নির্বাচনী ‘থিম সং’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই গানটির উদ্বোধন করবেন। আধুনিক সুর ও কথা সংবলিত এই গানটি নির্বাচনী প্রচারণার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনাকে সম্মান জানিয়ে তারা এর আগে বেশ কিছু সফরসূচি পরিবর্তন ও সংক্ষিপ্ত করেছেন। কোনোভাবেই যেন আচরণবিধি লঙ্ঘন না হয় এবং জনমনে ভোগান্তি না তৈরি হয়, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। বিএনপি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করছে এবং অন্য দলগুলোকেও সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছে।