নড়াইলে প্রতিপক্ষের উপর অতর্কিত হামলা, আহত ৮

নড়াইল সদর উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে অতর্কিত হামলা চালিয়ে আটজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার চুনখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন— সদর উপজেলার সিংগা গ্রামের সানোয়ার মোল্যা, শহিদুল মোল্যা এবং বড়গাতী গ্রামের ইমাম জিন্নাত, সুজন শেখ, শহিদুল শেখ, হাফিজ সরদার, মহিদুল মোল্যা ও সাইফুল ইসলাম। তারা সবাই একই পক্ষের বলে জানা গেছে।
আহত ও তাদের স্বজনদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে মামলা সংক্রান্ত একটি কাজে নিজ এলাকা থেকে নড়াইল শহরের উদ্দেশ্যে রওনা দেন ওই আটজন। পথিমধ্যে চুনখোলা মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ওসি ওলি মিয়া বলেন, এটি কোনো অতর্কিত হামলার ঘটনা নয়। পূর্ব বিরোধের জেরে চুনখোলা মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নাজিম উদ্দিন, নড়াইল/