নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ নারী দল। ওই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে নজর কাড়েন শারমিন আক্তার। তার সেই পারফরম্যান্সের ইতিবাচক প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ র্যাংকিংয়েও।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন নম্বরে নেমে ৩৯ বলে ৬৩ রানের ইনিংস খেলেন শারমিন। ইনিংসটিতে ছিল একটি ছক্কা ও আটটি চার। দুর্দান্ত এই ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।
এই পারফরম্যান্সের ফলে আইসিসি নারী টি–টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে ১৩ ধাপ উন্নতি হয়েছে শারমিনের। বর্তমানে তিনি অবস্থান করছেন ৫৭তম স্থানে।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে র্যাংকিংয়ে শারমিনের ওপরে রয়েছেন কেবল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে এক ধাপ পিছিয়ে গিয়ে জ্যোতি এখন আছেন ১৮ নম্বরে।
এ ছাড়া সর্বশেষ হালনাগাদ র্যাংকিংয়ে বাংলাদেশের অন্য কোনো ব্যাটারের অবস্থানে পরিবর্তন আসেনি।
-এমইউএম










