নির্বাচনের আগে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে প্রধান উপদেষ্টার তাগিদ

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গত জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত অস্ত্র দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৯তম বৈঠকে তিনি এই তাগিদ দেন।
পরে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্তগুলো জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে লুণ্ঠিত সব অস্ত্র উদ্ধার করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রধান উপদেষ্টা আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত সাঁড়াশি অভিযান চালিয়ে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ইতোমধ্যেই ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেইজ-২-এর মাধ্যমে দেশব্যাপী চিরুনি অভিযান চলছে।
মন্ত্রণালয়ের নাম পরিবর্তন ও পুনর্গঠন: বৈঠকে প্রশাসনিক কাঠামোর বড় কয়েকটি পরিবর্তন অনুমোদিত হয়েছে:
নারী ও শিশু মন্ত্রণালয়: ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। তবে ইংরেজি নাম (MoWCA) অপরিবর্তিত থাকবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় একীভূতকরণ: কাজের গতি বাড়াতে ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ এবং ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’কে একত্রিত করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠন করা হয়েছে।
নতুন দুই বিভাগ: অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
নতুন ৪ থানা ও জেলার ক্যাটাগরি উন্নয়ন: জননিরাপত্তা ও প্রশাসনিক সুবিধা নিশ্চিতে ৪টি নতুন থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে: ১. পূর্বাচল উত্তর (গাজীপুর জেলা) ২. পূর্বাচল দক্ষিণ (নারায়ণগঞ্জ জেলা) ৩. মাতারবাড়ী (কক্সবাজার জেলা) ৪. রায়পুরাকে ভেঙে নতুন থানা (নরসিংদী জেলা)
এছাড়া, অর্থনৈতিক সম্ভাবনা ও পর্যটন গুরুত্ব বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। পাশাপাশি ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধন করে ‘ভূল্লী’ প্রতিস্থাপন করা হয়েছে।
বিফ্রিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ।
লামিয়া আক্তার