নির্বাচনি প্রস্তুতি “খুব ভালো” অবস্থায় রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের নির্বাচনি প্রস্তুতি “খুব ভালো” অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৮ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য যা যা প্রয়োজন তা নিশ্চিত করা হচ্ছে। পুলিশ বাহিনীকে দেওয়া হচ্ছে বাড়তি প্রশিক্ষণ ও নির্দেশনা, যাতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনে কোনো ঘাটতি না থাকে।

তিনি আরও বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনেকে দাবি করছেন মানুষ ঘর থেকে বের হতে পারছেন না—এটি সত্য নয়। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে বাইরে না আসলেও, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত কঠোর শাস্তির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।