সামিয়ার নতুন মিউজিক ভিডিও

সামিয়া শোভা শো বিজ অঙ্গনে এ সময়ের মডেল-অভিনেত্রী । টিভিসি, নাটক, মডেলিং ও মিউজিক ভিডিও নিয়ে ব্যস্তসময় পার করছেন তিনি। ভালোবাসা নাই যদি দাও শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।

সংগীতশিল্পী নাসিরের গাওয়া জনপ্রিয় গান ‘ভালোবাসা নাই যদি দাও’ নতুন সংগীতায়োজনে সম্প্রতি প্রকাশ পেয়েছে। বহু বছর আগে শ্রোতাপ্রিয় এই গানটির কথা লিখেছিলেন গীতিকার দেলোয়ার আরজুদা শরফ এবং সুর করেছিলেন মান্না মোহাম্মদ। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন আশিকুজ্জামান অপু। এই গানটির মিউজিক ভিডিওতে সামিয়া শোভার বিপরীতে মডেল হয়েছেন তন্ময় সাবি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

গানটি প্রসঙ্গে সামিয়া শোভা আলোকিত স্বদেশকে বলেন, ‘এই গানটি আগে থেকেই জনপ্রিয় হওয়ায় এতে অভিনয় করা আমার জন্য এক ভিন্ন অভিজ্ঞতা ছিল। শুধু শোনা নয়, গানের অনুভূতিটা মুখভঙ্গি, চোখের ভাষা এবং অভিব্যক্তির মাধ্যমে ফুটিয়ে তুলতে হয়েছে। ক্যামেরার সামনে নিজেকে চরিত্রে খাপ খাওয়ানো সত্যিই আনন্দদায়ক ছিল। পরিচালক সৌমিত্র ঘোষ ইমন ভাইয়া, আমার সহশিল্পী তন্ময় এবং পুরো টিমের সহায়তায় আমরা গানটিকে নতুনভাবে উপস্থাপন করতে পেরেছি। আশা করি, দর্শকরা গান ও অভিনয়ের মধ্য দিয়ে উঠে আসা অনুভূতিটা উপভোগ করবেন। গানটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’

সামিয়া শোভা বর্তমানে নাটকের পাশাপাশি উপস্থাপনায় ব্যস্তসময় পার করছেন। শিগগিরই শামীম মোহাম্মদের পরিচালনায় নাটক ‘বাবাদের হৃদয়ের যানজট’ প্রকাশ পেতে যাচ্ছে, যা দর্শকদের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন।

সামিয়া জানান, টিভিসি ও ফ্যাশন মিডিয়াতে চলতি সময়ে কাজ করছেন, যা শিগগিরই প্রকাশ পাবে। চাকরির পাশাপাশি যতটুকু সুযোগ পান, সেটি কাজে লাগানোর চেষ্টা করছেন তিনি এবং দর্শকদের দোয়া চেয়েছেন যাতে সততার সঙ্গে মানসম্মত কাজ করতে পারেন।

মাহমুদ সালেহীন খান