বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে পুষ্টি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কমিউনিটি এঙ্গেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) এ সভায় স্থানীয় প্রশাসন ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বরিশাল সদর ও বাবুগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন “ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন” প্রকল্পের আওতায় সভাটির আয়োজন করা হয়। প্রকল্পটির মূল লক্ষ্য হলো মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়ন, শিশু পুষ্টি নিশ্চিতকরণ, নিরাপদ খাদ্য গ্রহণে উৎসাহ প্রদান এবং স্থানীয় স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করা।
আন্তর্জাতিক সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) প্রকল্পটি বাস্তবায়ন করছে। সভায় তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা সহায়তা প্রদান এবং প্রয়োজন অনুযায়ী হাসপাতালে রেফার করার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মাধবপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসক আরাফাত হোসেন এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল বাসার। সভা সঞ্চালনার পাশাপাশি প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল–বাবুগঞ্জের পুষ্টি কর্মকর্তা রুমানা শারমিন এবং মাহমুদুল হাসান (পিও), সিএনআরএস।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল বাসার বলেন, পুষ্টি উন্নয়নে ইউনিয়ন পরিষদ থেকে স্বাস্থ্য ও পুষ্টি খাতে আলাদা বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদে একটি ব্রেস্টফিডিং কর্নার স্থাপন এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে সল্টার স্কেল ও হাইট স্কেল সরবরাহ করা হবে।
সভাটি সঞ্চালনা করেন এফএফ দিবাকর রায়, সিএনআরএস (সিএনপি হেপি)।
-ফাহিম আহমেদ (বরিশাল)










