স্পেনের দক্ষিণাঞ্চলীয় কর্ডোবা শহরে দুটি উচ্চগতির ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত ১০০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
স্পেনের রেল অপারেটর এডিআইএফ (ADIF) জানিয়েছে, রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী প্রায় ৩০০ যাত্রী বহনকারী একটি ট্রেনের শেষ দুটি বগি কর্ডোবার কাছে লাইনচ্যুত হয়। ঠিক সেই মুহূর্তে মাদ্রিদ থেকে উয়েলভামুখী প্রায় ২০০ যাত্রী বহনকারী অন্য একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত বগিগুলোকে সজোরে ধাক্কা দেয়।
মাদ্রিদ থেকে উয়েলভাগামী ট্রেনের চালকও নিহতদের মধ্যে রয়েছেন বলে নিশ্চিত করেছে সরকারি সংবাদমাধ্যম টেলিভিশন এসপ্যানোলা। মালাগা থেকে আসা ট্রেনের যাত্রী ও সাংবাদিক সালভাদর জিমেনেজ জানান, সংঘর্ষের ঠিক আগমুহূর্তে মনে হচ্ছিল যেন ট্রেনের ভেতরে ‘ভূমিকম্প’ হচ্ছে। একটি বগি রেললাইনের ওপর পুরোপুরি উল্টে যায়।
মাদ্রিদের আটোচা স্টেশনে এক সংবাদ সম্মেলনে স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে বলেন, একটি সোজা রেলপথে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ‘সত্যিই অদ্ভুত’। বিশেষ করে রেলপথের এই অংশটি গত মে মাসেই সংস্কার করা হয়েছিল। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।
আন্দালুসিয়ার জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পাঁচটি ভ্রাম্যমাণ আইসিইউ ইউনিটসহ অসংখ্য অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। গুরুতর আহত ৩০ জনকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, “আদমুজে মর্মান্তিক রেল দুর্ঘটনার কারণে আজ আমাদের দেশের জন্য এক গভীর বেদনার রাত। আমি নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। পুরো দেশ আপনাদের পাশে আছে।”
দুর্ঘটনার পর আন্দালুসিয়া অঞ্চল থেকে মাদ্রিদগামী সব ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। কর্ডোবা, সেভিলা, মালাগা এবং উয়েলভা রুটে অন্তত সোমবার পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
-এম. এইচ. মামুন










