নিবন্ধন সনদ পাবার আগেই কলেজে যোগদানের অভিযোগ প্রভাষকের বিরুদ্ধে

শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ পাবার আগেই নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর সরকারি হাজি আলী আকবর কলেজে যোগদান করার অভিযোগ উঠেছে এক প্রভাষকের বিরুদ্ধে। এ অবৈধ নিয়োগ ও ভুয়া সনদে দীর্ঘ ১২ বছর ধরে শিক্ষকতা করার অভিযোগে তার বিরুদ্ধে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত প্রভাষক হলেন কলেজটির ইংরেজি বিভাগের শিক্ষক ইকবাল হোসেন। আর অভিযোগটি করেছেন কৃষ্ণপুর এলাকার বাসিন্দা ফয়সাল তালুকদার নামের এক ব্যক্তি।

অভিযোগে জানা গেছে, ইকবাল হোসেন ২০১৩ সালের ৩ নভেম্বর ইংরেজি প্রভাষক হিসেবে কলেজে যোগদান করেন। অথচ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশিত হয় একই বছরের ২০ নভেম্বর। অভিযোগ অনুযায়ী, ফল প্রকাশের আগেই তিনি নিবন্ধন সনদ জমা দেন, যা বিধিমালার পরিপন্থী।

এ বিষয়ে ২০১৫ সালে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে ইকবাল হোসেনের শিক্ষক নিবন্ধন সনদ সঠিক নয় বলে উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, সনদের বৈধতা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও তিনি প্রভাব খাটিয়ে নিয়মিত সরকারি সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন।

এ ঘটনায় গত ৮ জানুয়ারি অভিযোগকারী ফয়সাল তালুকদার পুনরায় উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। এর আগেও কলেজের একাধিক শিক্ষক কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রভাষক ইকবাল হোসেন বলেন, যোগ্যতা ও নিয়ম অনুযায়ী আমার চাকরি হয়েছে।

এ প্রসঙ্গে কৃষ্ণপুর সরকারি হাজি আলী আকবর কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম এবং খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। #

 

মহাসিন মিয়া

নেত্রকোনা