আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–৬ আসন (ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর ও বিরামপুর) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে বিশাল মিছিল করেছে ঘোড়াঘাট উপজেলা বিএনপি।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাণীগঞ্জ হাই স্কুল মাঠের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনকে বিজয়ী করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলুসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ প্রতীক দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তারা আশা প্রকাশ করেন, সাধারণ মানুষ এবার ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রায় দেবে।