গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণভোট শুধু নির্বাচন নয়, এটি আগামী একশ বছরের বাংলাদেশের দিকনির্দেশনা । গণ-অভ্যুত্থানের সরকারের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই সনদ কার্যকর করা হয়েছে। এই সনদের প্রতি জনগণের সম্মতি নিতে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হবে। তিনি গণভোটে সবাইকে ‘হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান ।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবান সদরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট ও বালাঘাটা চড়ুই পাড়া এলাকায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ভোটার উদ্বুদ্ধকরণ, প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ভবিষ্যতে যেন আর কখনো গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে এবং কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরে না আসে এই লক্ষ্যেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। অতীতে দেশে যে অন্যায়-অবিচার হয়েছে, তা আর হতে দেওয়া হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে দেশের সকল শিক্ষক, ধর্মীয় গুরু ও সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা আরো বলেন, যারা জুলাই আন্দোলনের পক্ষে তারা সবাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, আর যারা ফ্যাসিবাদের পক্ষে তারা ‘না’বলবে। সকল ধর্মীয় গোষ্ঠী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ দেশের আপামর জনগণ জুলাই আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রচারণা সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং পুলিশ সুপার মো. আব্দুর রহমান।
এসময় বান্দরবানের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন গ্রামের গ্রামপ্রধান উপস্থিত ছিলেন।
ইসমাইল ইমন, চট্টগ্রাম










