ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) থেকে স্বতন্ত্র সাংসদ প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দিনভর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে।
সোমবার (২ফেব্রুয়ারি) অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া, কাকরিয়া, রাজাপুর, দুবাজাইল ও বারপাইকা গ্রামে গণসংযোগ ও একাধিক জনসভায় অংশ নেন তিনি।রাণীদিয়া, কাকরিয়া ও রাজাপুর গ্রামের বিভিন্ন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রুমিন ফারহানা বলেন, “আমি বিগত সময়ে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য থাকাকালীন আপনাদের এলাকার অর্ধেক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করে রেখেছি।
সড়ক ও যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন,“অরুয়াইল চেত্রানদীর ওপর ব্রিজ এবং রাণীদিয়া, কাকরিয়া, রাজাপুর ও দুবাজাইলের পাকা সড়কের জন্য আমি এমপি থাকাকালীন ডিও লেটারের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে একনেক সভায় অনুমোদন করিয়েছি। আপনারা যদি ১২ ফেব্রুয়ারি হাঁস মার্কায় ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেন, তাহলে আগামী নির্বাচনে পাকা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। উন্নয়ন না করতে পারলে আমি আর ভোট চাইতে আসব না।”
মেঘনা নদীর ভাঙন প্রসঙ্গে তিনি বলেন, আমি নির্বাচিত হলে রাজাপুর, দুবাজাইলসহ মেঘনা নদীর তীরবর্তী এলাকায় ভাঙন রোধে সরকারিভাবে বেড়িবাঁধ নির্মাণ করা হবে।”শেষে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি পরিবার-পরিজন নিয়ে সকালেই ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন এবং ফলাফল ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন। কোনো শিয়াল যেন আমার হাঁসের ডিম বা হাঁসের ছানা চুরি করতে না পারে আপনারা পাহারা দিয়ে রাখবেন।
খ,ম,জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া









