টালিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অভিনয়ের দক্ষতা ও ভিন্নধর্মী চরিত্র নির্বাচনের জন্য তিনি দর্শক ও সমালোচকদের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন। তবে দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে এক জটিল সংকটের মুখে পড়েছেন এই অভিনেতা।
অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে কোনো প্রযোজনা সংস্থা যদি অনির্বাণকে নিয়ে কাজ করতে চায়, তাহলে সেই শুটিংয়ে ফেডারেশনের টেকনিশিয়ানরা কাজ করবেন না—এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এর জেরে গত ছয় থেকে সাত মাস ধরে কার্যত কাজের বাইরে অনির্বাণ ভট্টাচার্য।
সম্প্রতি গুঞ্জন ওঠে, দেব ও শুভশ্রী গাঙ্গুলীর আসন্ন নতুন সিনেমায় অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যেতে পারে। শোনা যাচ্ছিল, ছবিতে খলনায়কের চরিত্রে থাকবেন তিনি। এই খবরে অনির্বাণের অনুরাগীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়। তবে শুক্রবার একটি বৈঠকে দেব নিজেই এই গুঞ্জন নাকচ করে দেন। তিনি জানান, তাঁর নতুন ছবিতে অনির্বাণের কাজ করার খবরটি সত্য নয়। তবে একই সঙ্গে দেব এটাও বলেন, যদি এমন কিছু হতো, তাহলে খারাপ হতো না।
এই পরিস্থিতি নিয়ে টালিউডে আলোচনা নতুন নয়। অনেকেই মনে করছেন, বিষয়টি শুধু একজন অভিনেতার কাজ পাওয়া বা না পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি গোটা ইন্ডাস্ট্রির কর্মপরিবেশ ও পেশাদারিত্বের প্রশ্ন তুলে ধরছে। এমন সময় অনির্বাণের পাশে দাঁড়ালেন টালিউড সুপারস্টার দেব। শিল্পী হিসেবে নয়, একজন সহকর্মী হিসেবে অনির্বাণের কাজ করার অধিকার থাকা উচিত—এই বার্তাই স্পষ্ট করে দিলেন তিনি।
বৈঠকে দেব স্পষ্ট ভাষায় বলেন, অনির্বাণের বর্তমান সংকটের কথা তিনি জানেন। তার ছবিতে অনির্বাণ থাকুক বা না থাকুক, একজন অভিনেতা হিসেবে তার কাজ করা উচিত। দেবের কথায়, “ও খুব ভালো অভিনেতা। আমি ফেডারেশনের বিরুদ্ধে নই, কিন্তু আমি চাই অনির্বাণ কাজ করুক। ও ভালো ছেলে না খারাপ ছেলে—সেটা আমি জানি না, জানতেও চাই না। তবে ও যেন কাজ করতে পারে, সেটাই আমার চাওয়া।”
এদিন দেব আরও এক ধাপ এগিয়ে ফেডারেশনের কাছে অনির্বাণের হয়ে ক্ষমাও চান। তিনি বলেন, “অনির্বাণ যা-ই করে থাকুক, আমি ওর হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চাইছি। দয়া করে ওকে ছবিতে কাস্ট করতে দিন। ওর কাজ করা খুব জরুরি।” দেবের এই বক্তব্য টালিউডে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।
শুধু তাই নয়, বিষয়টির সমাধানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির হস্তক্ষেপও কামনা করেন দেব। তার মতে, ইন্ডাস্ট্রির এমন সংকট কাটাতে সবার সহযোগিতা প্রয়োজন। দেবের এই উদ্যোগে অনির্বাণ ভট্টাচার্যের কাজে ফেরার পথ কতটা মসৃণ হবে, এখন সেটাই দেখার।
-বিথী রানী মণ্ডল










