অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশগ্রহণের জন্য আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে স্টল বরাদ্দের জন্য আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলা একাডেমি। ১৮ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাংলা একাডেমির সচিব ও বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবেদন প্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরোনো প্রকাশনা প্রতিষ্ঠানগুলো (যারা ২০২৫ সালের বইমেলায় অংশ নিয়েছিল) অনলাইনে www.ba21bookfair.com ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদনপত্র পূরণ করতে পারবে। আবেদনের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
অন্যদিকে, নতুন প্রকাশনা প্রতিষ্ঠান অথবা যারা আগের চেয়ে বড় স্টল বা প্যাভিলিয়ন পেতে আগ্রহী, তাদের বাংলা একাডেমি থেকে সরাসরি আবেদনপত্র সংগ্রহ করতে হবে। পূরণ করা আবেদনপত্র এবং ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকাশিত কমপক্ষে ৩০টি মানসম্মত বইসহ ২০ থেকে ২৬ জানুয়ারির মধ্যে সরাসরি একাডেমিতে জমা দিতে হবে।
যাচাই-বাছাই ও ভাড়া জমাদান
আবেদনপত্র ও বইয়ের মান যাচাই-বাছাই শেষে স্টল বরাদ্দের বিষয়ে বইমেলা পরিচালনা কমিটি সিদ্ধান্ত নেবে। যোগ্য আবেদনকারীদের তালিকা ৩১ জানুয়ারি অনলাইনে প্রকাশ করা হবে।
বরাদ্দপ্রাপ্ত স্টলের ভাড়া ১ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে ব্যাংকে জমা দিয়ে রসিদ ওয়েবসাইটে আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া জমা না দিলে স্টল বরাদ্দ বাতিল বলে গণ্য হবে।
-আশরাফুল আলম










