ধুনটে পোদ্দার বাহিনীর আস্তানা থেকে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার ধুনট উপজেলায় সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত ‘পোদ্দার বাহিনী’র প্রধান ফিরোজ পোদ্দারসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের আস্তানা থেকে একটি বিদেশি রিভলভার, দুটি চাইনিজ কুড়ালসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

যেভাবে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার
বগুড়া ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ তমাল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে বগুড়া শহরের শাকপালা থেকে ফিরোজ পোদ্দার এবং শাজাহานপুর থেকে তার সহযোগী রায়হান আলীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ধুনটের বেড়েরবাড়ি গ্রামে তাদের একটি গোপন আস্তানার কথা জানায়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে সেনাবাহিনীর একটি বিশেষ দল বেড়েরবাড়ি গ্রামের একটি নির্মাণাধীন বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে একটি ৯ মিলিমিটার ব্রিটিশ বুলডগ রিভলভার, দুটি চাইনিজ কুড়াল এবং বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অপরাধের ফিরিস্তি
স্থানীয়রা জানান, প্রত্যন্ত অঞ্চলের ওই নির্মাণাধীন বাড়িটি ভাড়া নিয়ে ফিরোজ পোদ্দার ও রায়হান আলী গোপনে আস্তানা গেড়েছিলেন এবং সেখান থেকেই বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহ করতেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “সেনাবাহিনী দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করে রাতে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা করে জেলহাজতে পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, গ্রেপ্তার ফিরোজ পোদ্দারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, অপহরণ ও মাদকসহ মোট আটটি মামলা রয়েছে।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক