সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় আগরবাতি, শাড়ি ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলার সদর এবং কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
অভিযানের বিবরণ
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়ানী, হিজলদী, কাকডাঙ্গা ও মাদরা বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) অধীনে পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।
-
কালিয়ানী বিওপির একটি দল সদর উপজেলার কালিয়ানী থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।
-
মাদরা বিওপির একটি দল কলারোয়া উপজেলার বরই বাগান এলাকা থেকে ভারতীয় শাড়ি জব্দ করে।
-
কাকডাঙ্গা বিওপির একটি দল একই উপজেলার আমতলা থেকে ভারতীয় আগরবাতি জব্দ করে।
-
হিজলদী বিওপির একটি দল গোবরা পোতা নামক স্থান থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।
জব্দকৃত মালামালের মূল্য
জব্দকৃত সকল মালামালের মোট বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ ৭২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামালগুলো সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্পের বিকাশে সহায়তা করতে বিজিবির এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










