‘ফরিদা পারভীন লালনের গানে নতুন প্রাণ সঞ্চার করেছেন’: মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ফরিদা পারভীন কেবল লালনের গানকে মর্যাদা দেননি, বরং তিনি নিজ সাধনা ও গায়কীর মাধ্যমে লালনের গানে নতুন প্রাণ সঞ্চার করেছেন।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ‘লালন সম্রাজ্ঞী’ ফরিদা পারভীনের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অচিন পাখি সঙ্গীত একাডেমি এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

লালন সংগীতে ফরিদা পারভীনের অবদান
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, “সত্তরের দশকে তরুণ বয়সেই ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘বাড়ির কাছে আরশিনগর’-এর মতো গান পরিবেশন করে ফরিদা পারভীন লালনের গানকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। লালনের গান গভীরভাবে শাস্ত্রীয় ও রাগভিত্তিক সংগীতচর্চার সঙ্গে যুক্ত, আর ফরিদা পারভীন নিজ সাধনা ও আত্মনিবেদনের মাধ্যমে সেই গানকে অনন্য রূপ দিয়েছেন।”

তিনি আরও বলেন, লালন সংগীত বিকৃত হওয়ার বিষয়ে ফরিদা পারভীন আজীবন দুঃখ প্রকাশ করতেন। উপদেষ্টা বলেন, “শুধু পোশাক পরলেই লালন হওয়া যায় না—লালনকে ধারণ করতে হয়।”

শিল্পীদের মর্যাদা দেওয়ার আহ্বান
রাষ্ট্র হিসেবে ফরিদা পারভীনের মতো শিল্পীদের জীবদ্দশায় যথাযথ মর্যাদা দিতে না পারাকে ‘রাষ্ট্রের একটি বড় ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, জীবিত শিল্পীদের সম্মান জানাতে হবে এবং প্রয়াত শিল্পীদের স্মরণে রাখতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো শিল্পী অবহেলার শিকার না হন।

অচিন পাখি সংগীত একাডেমির শিশু শিল্পীদের প্রশংসা করে তিনি বলেন, “এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে এখান থেকেই নতুন প্রজন্মের অনেক ফরিদা পারভীন উঠে আসবে।”

অচিন পাখি সংগীত একাডেমির অধ্যক্ষ গাজী আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনসহ বিশিষ্টজনেরা।


মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক