৫০তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৩০ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার) এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) পিএসসি থেকে জারি করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ এবং পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষাটি ঢাকা মহানগরীসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের জন্য কঠোর নির্দেশনা
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে এবং দৈবচয়ন ভিত্তিতে আসন বিন্যাস সাজানোর কারণে পরীক্ষার্থীদের আসন খুঁজে পেতে সময় লাগতে পারে। তাই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে, অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে সকল পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ৯টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকেই হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
পরীক্ষা হলে যা যা নিষিদ্ধ:
পরীক্ষা কেন্দ্রে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পিএসসি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। হলে যেসব সামগ্রী আনা নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হলো:
-
সব ধরনের ঘড়ি (অ্যানালগ বা ডিজিটাল)
-
মোবাইল ফোন ও যেকোনো ইলেকট্রনিক ডিভাইস
-
বই-পুস্তক ও ক্যালকুলেটর
-
ব্যাংক বা ক্রেডিট কার্ডের মতো দেখতে যেকোনো ডিভাইস
-
গহনা, ব্রেসলেট, ব্যাগ ও মানিব্যাগ
কঠোর তল্লাশি ও শাস্তির বিধান
কমিশন জানিয়েছে, পরীক্ষার হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশ করানো হবে। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে।
পিএসসি সতর্ক করে বলেছে, কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তার প্রার্থিতা বাতিল করা হবে। এছাড়া, বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা-২০১৪ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ অনুযায়ী, ওই প্রার্থীকে কমিশনের ভবিষ্যৎ সকল নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণাসহ বিভিন্ন মেয়াদে দণ্ডের বিধান রাখা হয়েছে।
মোঃ আশফুল আলম | উপ-সম্পাদক










