‘এই মুহূর্তে’ ইরান ত্যাগে মার্কিন নাগরিকদের প্রতি কড়া হুঁশিয়ারি

ইরানে চলমান গণবিক্ষোভ চরম সহিংস রূপ ধারণ করায় সেখানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের অনতিবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস থেকে জারি করা এক জরুরি বার্তায় ‘এই মুহূর্তে’ ইরান ত্যাগের জন্য মার্কিন নাগরিকদের প্রতি কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দিন দিন প্রবল হচ্ছে এবং যেকোনো সময় এটি চরম সহিংস আকার ধারণ করতে পারে। পরিস্থিতির অবনতি ঘটলে নির্বিচারে গ্রেপ্তার, আহত হওয়া, রাস্তাঘাট ও গণপরিবহন বন্ধ এবং দীর্ঘমেয়াদি ইন্টারনেট বিচ্ছিন্নের আশঙ্কা রয়েছে। এমন অবস্থায় নাগরিকদের প্রাত্যহিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আগেই দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বর্তমান উত্তপ্ত পরিস্থিতির কারণে অধিকাংশ আন্তর্জাতিক বিমান সংস্থা আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে তাদের ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। আকাশপথ প্রায় রুদ্ধ হয়ে আসায় মার্কিন নাগরিকদের স্থলপথে প্রতিবেশী দেশ আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

নির্দেশনায় মার্কিন নাগরিকদের জন্য বেশ কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে- এই মুহূর্তে ইরান ছাড়ার জন্য যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভর না করে নিজস্ব পরিকল্পনায় দেশ ত্যাগ করতে বলা হয়েছে। দীর্ঘস্থায়ী ইন্টারনেট ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি রাখতে এবং যোগাযোগের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। যারা কোনো কারণে ইরান ছাড়তে পারছেন না, তাদের নিরাপদ কোনো ভবনে আশ্রয় নিতে এবং পর্যাপ্ত খাবার, পানি ও প্রয়োজনীয় ওষুধ মজুদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যেসব এলাকায় আন্দোলন চলছে, সেসব এলাকা থেকে মার্কিন নাগরিকদের দূরে থাকার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানে বর্তমানে শত শত মানুষের মৃত্যু এবং হাজার হাজার মানুষের গ্রেপ্তারের খবরের মধ্যেই যুক্তরাষ্ট্রের এই আকস্মিক ‘দেশ ছাড়ার’ নির্দেশ মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

-এম. এইচ. মামুন