ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক

নিষিদ্ধ ছাত্রলীগের ভোলা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান গোলদারকে (৩০) আটক করেছে কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকেলে ভোলা সদর থানাধীন কালীবাড়ি রোড সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সালমান ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার পৌর ৩ নম্বর ওয়ার্ডের কালীবাড়ী রোড এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের ভোলা বেইস ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন কালীবাড়ি রোড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান থেকে সালমান গোলদারকে আটক করা হয়।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। সোমবার ভোলা সদর মডেল থানা পুলিশ সালমানকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম।

সানা