দিনাজপুরে দুটি মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

তীব্র শীতে অসহায় শিশুদের পাশে দাঁড়াতে দিনাজপুরে ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছেন সাবেক ছাত্রনেতা ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাহবার কবির পিয়াল।
২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে শহরের দুটি মাদ্রাসার আবাসিক ও এতিম শিক্ষার্থীদের মাঝে এই কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এদিন দুপুরে প্রথমে শহরের জেলরোডস্থ জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা আবাসিক লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা এবং পরবর্তীতে বালুবাড়ি-নিমনগর এলাকার শেখ জাহাঙ্গীর পীর (রহ.) নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এতিমখানার শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে রাহবার কবির পিয়ালের সাথে উপস্থিত ছিলেন: জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার সভাপতি এ কে এম মেহেরুল্লাহ বাদল। মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. মমিনুল হাসান। মাওলানা সোহরাব হোসেন ও জিয়াউল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র বিতরণকালে রাহবার কবির পিয়াল বলেন, “এতিম ও অসহায় শিশুদের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। কনকনে শীতে তারা যেন কষ্ট না পায়, সেই ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই আজকের এই আয়োজন। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এই শীতে আর্তমানবতার সেবায় এগিয়ে আসা উচিত।”
মাদ্রাসা কর্তৃপক্ষ ও এতিম শিশুরা এই মানবিক উদ্যোগের জন্য পিয়াল আহমেদ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর