গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে বাবার কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় অভিমানে কিশোরী মহনা (১১) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০ টায় এ ঘটনাটি ঘটে।
নিহত কিশোরী মহনা নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মহিউদ্দিনের মেয়ে। গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মনু মিয়ার বাসায় বাবা-মার সাথে বসবাস করতো।
কিশোরী বাবা মহিউদ্দিন বলেন, সকালে মহনা তার কাছে মোবাইল ফোন চেয়েছিল। তখন আমি বলি আব্বু তোমাকে কেউ ফোন দিবে? এখন মোবাইল দিব না। তখন মেয়ে বলে আমি মরবো মোবাইল না দিলে। এ কথা বলে সে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তখন তাকে ডাকাডাকি করে বলি মহনা দরজা খোল। পরে জানালা দিয়ে দেখি সে ঘরের ভেতর আঁড়ার সাথে গলায় উড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আছে।
দ্রুত দরজা ভেঙ্গে ঘরে ঢুকে উদ্ধার করলেও তাকে বাঁচাতে পারিনি। মোবাইল না দেওয়ায় আত্মহত্যার কথা বলে সত্যি সত্যি এমন কাজ করে ফেলবে আমার মেয়েটা আমি কল্পনাও করতে পারিনি। মাত্র ১১ বছর বয়সী কিশোরীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয়রা ওই বাড়িতে ভিড় করেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার জন্য আবেদন করা হয়েছে। আমরা কর্তৃপক্ষকে তাদের আবেদনের বিষয়টি জানিয়েছি। অনুমতি পেলে বিনা ময়নাতদন্তে লাশ পারিবারের কাছে দিয়ে দেওয়া হবে।
-মাহমুদুল হাসান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি৷










