মহারাষ্ট্রে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে ব্যবহার হবে এআই প্রযুক্তি

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ঘোষণা করেছেন যে, বাংলাদেশ এবং রোহিঙ্গা সম্প্রদায়ের অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে রাজ্যটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করা হবে। আইআইটি বম্বের সহযোগিতায় এই এআই টুলটি তৈরি করা হচ্ছে এবং বর্তমানে এর নির্ভুলতা বা সঠিকতা প্রায় ৬০ শতাংশ। অর্থাৎ, প্রতি ১০০ জনের মধ্যে ৬০ জনকে এটি সঠিকভাবে শনাক্ত করতে পারছে। কর্মকর্তারা আশা করছেন, আগামী চার মাসের মধ্যে এটি শতভাগ নির্ভুলভাবে কাজ করতে সক্ষম হবে।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ফড়নবিশ জানান, মূলত পশ্চিমবঙ্গ হয়ে অবৈধভাবে যেসব অভিবাসী মহারাষ্ট্রে প্রবেশ করে এবং ভুয়া নথিপত্র ব্যবহার করে সরকারি সুবিধা ভোগ করছে, তাদের খুঁজে বের করতে এই টুলটি সহায়তা করবে। তিনি উল্লেখ করেন, মুম্বাইয়ে এমন অনেক অভিবাসীকে ইতিমধ্যেই দেশে ফেরত পাঠানো হয়েছে, যারা জালিয়াতি করে সরকারি কর্মসূচির সুবিধা নিচ্ছিল।

সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের শনাক্ত করতে এই এআই টুল ফোন রেকর্ড এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য বিশ্লেষণ করবে। বর্তমানে ৬০ শতাংশ কার্যকর হলেও আগামী কয়েকমাসের মধ্যে এটি প্রায় শতভাগ নির্ভুল হয়ে উঠবে বলে কর্তৃপক্ষ আশা করছে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রায় সব অবৈধ অভিবাসীকে শনাক্ত করতে সক্ষম করবে। ফড়নবিশ বলেন, অবৈধ অভিবাসীরা যাতে সরকারি প্রকল্পের অপব্যবহার করতে না পারে, তা নিশ্চিতে পুলিশের জন্য এই এআই ব্যবস্থা গুরুত্বপূর্ণ সহায়ক হবে।

মুখ্যমন্ত্রী ভারতের অন্যান্য রাজ্য থেকে মুম্বাইয়ে বসবাসরত বাসিন্দাদের আশ্বস্ত করে বলেছেন, তাদের ভয়ের কোনো কারণ নেই এবং তারা সম্পূর্ণ নিরাপদ। এআই উদ্যোগের পাশাপাশি ফড়নবিশ মুম্বাইকে একটি প্রাণবন্ত ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলার বিষয়ে এনডিএ (NDA) সরকারের লক্ষ্যের কথা বলেন।