স্বপ্ন ছিল বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে পরিবারের হাল ধরবেন, কিন্তু সেই স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে। ট্রেনিং করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে সিলেটে নিখোঁজ হয়েছেন সাকিব (২৬) নামে এক যুবক। নিখোঁজ সাকিব নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া চন্ডালবন্দ গ্রামের মো. রাজু মিয়ার ছেলে। এ বিষয়ে গত ৯ জানুয়ারি শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা থানায় লিখিত সাধারণ ডায়েরি করেন নিখোঁজের বাবা রাজু মিয়া। জিডি নং ৪৮৬-২০২৫।
জিডির বিবরণে জানা যায়, গত ৬ জানুয়ারি রাত অনুমান ১১টার সময় সাকিব মিয়া (২৬) তাকান্মল পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে মিরপুর থেকে আলমপুর, সিলেটের উদ্দেশ্যে রওয়ানা করেন। পরবর্তীতে ০৭ জানুয়ারি দুপুর ১ টা সময় পরীক্ষা শেষে সাকিব ও তার সহযাত্রী সালমান (01952-090049) কদমতলী বাস স্ট্যান্ডে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করার জন্য আসলে সালমান ও সাকিব দু’জন দু’টি গাড়িতে ওঠেন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও তার পরিবার সাকিবের কোনো সন্ধান পাননি।
এইদিকে সংবাদ সংগ্রহের জন্য নিখোঁজ সাকিবের বাড়িতে গেলে দেখা যায়, সন্তান নিখোঁজের শোকে মা-বাবার আহাজারি। কান্নাজড়িত কণ্ঠে সন্তানকে ফিরে পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের কাছে আকুতি জানান সাকিবের মা।
সাকিব নিখোঁজের জিডি বিষয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, জিডি হাতে পেয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি










