বিচ্ছেদের যন্ত্রণা কাটাতে একা একা ভ্রমণ করছেন: তাহসান

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান তার দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের ১ বছর পূর্ণ হওয়ার আগেই বিচ্ছেদের এই খবরে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের বিশ্লেষণ ও অনুমানও করছেন নেটিজেনরা।

তাহসানের ভাষ্য অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান। সেই সময় থেকেই তিনি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কম সক্রিয় হয়ে পড়েন এবং নতুন গান প্রকাশ থেকেও নিজেকে দূরে রাখেন। তাহসান বলেন, ‘অস্ট্রেলিয়া ট্যুরের আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। ওই সময় থেকেই আমি গান ও ফেসবুক থেকে অনেকটা দূরে ছিলাম।’

ভক্তরা যখন লক্ষ্য করছিলেন তাহসান ধীরে ধীরে গান ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, তারও আগে থেকেই তিনি স্ত্রী রোজা আহমেদের থেকে আলাদা থাকছিলেন। নিজেই বিষয়টি নিশ্চিত করে তাহসান জানান, তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিত। বিয়ের পর শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়।

তাহসান জানান, তারা মূলত গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই আলাদা থাকছেন। তবে বিষয়টি প্রকাশ্যে আসেনি। সম্প্রতি তাদের প্রথম বিবাহবার্ষিকীতে দুজনকে একসঙ্গে না দেখায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে তাহসান স্পষ্ট করে বলেন, অ্যানিভার্সারি উদ্‌যাপন নিয়ে যে খবরগুলো প্রকাশ হয়েছে, সেগুলো সত্য নয়।

ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত প্রকাশ্যে কথা বলতে অনাগ্রহী এই শিল্পী। তবে পরিস্থিতির কারণেই তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন বলে জানান। তাহসান বলেন, আপাতত তিনি বিস্তারিত কিছু প্রকাশ করতে চান না।

বিচ্ছেদ নিয়ে কথা বলতে গিয়ে তাহসান বলেন, ‘সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনাটি সত্য। এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলব, তবে এখন নয়।’ কেন এবং কী কারণে এমন সিদ্ধান্ত— এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলে তিনি পরে বিস্তারিত জানাবেন।

নিজের শারীরিক ও মানসিক অবস্থা নিয়েও কথা বলেন এই তারকা। তাহসানের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে ভালো নেই, তবে এর কারণ এখনই প্রকাশ্যে আনতে চান না। একই সঙ্গে মানসিক অবস্থাও খুব একটা ভালো নয় বলে জানান তিনি।

বর্তমানে সময় কীভাবে কাটাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তাহসান বলেন, তিনি একা একা ভ্রমণ করছেন। পাশাপাশি বই পড়েই সময় কাটাচ্ছেন। তার কথায়, ‘এই সময়ে বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী।’ শেষে ভক্তদের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি।’

বিথী রানী মণ্ডল/