আলজেরিয়াকে হারিয়ে আফকন সেমিফাইনালে নাইজেরিয়া

ভিক্টর ওসিমেন ও আকোর আদামসের গোলের নৈপুণ্যে আফ্রিকা কাপ অফ নেশন্সের (আফকন) সেমিফাইনালে উঠেছে নাইজেরিয়া। কোয়ার্টার ফাইনালে শনিবার রাতে আলজেরিয়াকে ২–০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে সুপার ঈগলসরা।

মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল নাইজেরিয়া। প্রথমার্ধে একাধিক আক্রমণ গড়লেও গোলের দেখা পায়নি তারা। বিরতির ঠিক আগে দারুণ সুযোগ নষ্ট করেন আকোর আদামস—তার বাঁকানো শট অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড পায় নাইজেরিয়া। ৪৭ মিনিটে ব্রুনো ওনিয়েমেচির বাড়ানো ক্রসে হেডে গোল করেন ভিক্টর ওসিমেন। চলতি টুর্নামেন্টে এটি ছিল তার চতুর্থ গোল। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আকোর আদামস। মাঝমাঠ থেকে দ্রুত আক্রমণ গড়ে ওসিমেনের পাস পেয়ে আলজেরিয়ার গোলকিপার লুকা জিদানেকে কাটিয়ে সহজেই বল জালে পাঠান তিনি।

শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল নাইজেরিয়া। ৮১ মিনিটে ওসিমেনের ক্রসে আদামসের হেড পোস্টে লেগে ফিরে আসে।

পুরো ম্যাচজুড়ে আলজেরিয়াকে চাপে রাখে নাইজেরিয়ার রক্ষণভাগ। আলজেরিয়ার সবচেয়ে বড় তারকা রিয়াদ মাহরেজও ছিলেন নিষ্প্রভ। শেষ পর্যন্ত এক ঘণ্টা খেলার পর মাঠ ছাড়তে হয় তাঁকে। ম্যাচের আগেই মাহরেজ জানিয়েছিলেন, এটিই তার শেষ আফকন।

সেমিফাইনালে বুধবার স্বাগতিক মরক্কোর মুখোমুখি হবে নাইজেরিয়া। চতুর্থ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এবার স্বাগতিকদের শক্ত বাধা পেরোতে হবে সুপার ঈগলসদের।

-এমইউএম