টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে কাওসার বাঁধন বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে ঢাকায় প্রশ্ন ফাঁস জড়িত চক্রের একজনকে গ্রেফতার করা হয় । পরে তার দেয়া তথ্য অনুযায়ী জানতে পারি এ চক্রের আরও সদস্য রয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তির তথ্য অনুসারে র্যাব সদস্য অভিযানে নামে।
পরে অভিযানে চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। র্যাব-১৪, সিপিসি-৩, টাংগাইল ক্যাম্পে প্রেস ব্রিফিং এ ক্যাম্প কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন আরো বলেন, টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকা থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সক্রিয় সদস্য মো. বেল্লাল হোসেন (৩৩), পিতা-মৃত আমিনুল ইসলাম, সাং-কালমেঘা, থানা-সখিপুর, জেলা-টাঙ্গাইল’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে মো. বেল্লাল হোসেন (৩৩) এর দেয়া তথ্য মোতাবেক টাঙ্গাইল সদর থানাধীন আশেকপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জনৈক মোঃ হালিম মিয়ার ২য় তলার বি-১ ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে ১। জয়নাল আবেদীন (৫২), পিতা-মৃত কুব্বাত আলী, সাং-নলশোধা, জেলা-টাঙ্গাইল, পেশা-অফিস সহকারী প্রশাসনিক (শিশু কল্যান), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা, ২। মো. আনোয়ার হোসেন (৫২), পিতা-মৃত রজব আলী, সাং-আশেকপুর, থানা-সদর, জেলা-টাঙ্গাইল, ৩। মো. আল আমিন (২৮), পিতা-মৃত নুর মোহাম্মদ মিয়া, সাং-কামার নওগাঁ, থানা-দেলদুয়ার, জেলা- টাঙ্গাইল এবং টাঙ্গাইল নাগরপুর থানাধীন পাকুটিয়া এলাকা হতে ৪। শ্রী অপূর্ব ব্যানার্জী (৪৩), পিতা-অনন্ত ব্যানার্জী, সাং-চর লক্ষ্মীপুর, থানা-সদর, জেলা-রাজবাড়িদের গ্রেফতার করা হয় এবং ব্ল্যাংক চেক, ষ্ট্যাম্প পেপার, প্রার্থীর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রবেশপত্র এবং প্রার্থীর আসল সার্টিফিকেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের মোবাইলে বিভিন্ন পরীক্ষার্থীর সাথে প্রশ্নপত্র এবং চাকরি দেওয়ার নামে টাকা আদান প্রদানের কথোপকথনসহ বিভিন্ন আলামত পাওয়া যায়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় আলামতসহ হস্তান্তর করা হবে।
মৃণাল কান্তি রায়, টাঙ্গাইল










