নারীদের বিকৃত নগ্ন ছবি তৈরির অভিযোগে যুক্তরাজ্যে এক্স নিষিদ্ধ হওয়ার শঙ্কা

এআই চ্যাটবট গ্রোককে ঘিরে বিতর্কের জেরে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বিরুদ্ধে সমালোচনা আরও তীব্র হয়েছে। অভিযোগ উঠেছে, গ্রোক ব্যবহার করে কোনো ব্যক্তির সম্মতি ছাড়াই নারীদের নগ্ন ও যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরি করা হচ্ছে, এমনকি শিশুদের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যে এক্স নিষিদ্ধ হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

যুক্তরাজ্যের যোগাযোগ ও সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থা অফকম এক্সের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে মূল্যায়ন শুরু করেছে। প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল এ উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, নারী ও শিশুদের বিকৃত ও যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরি করা ‘ঘৃণ্য ও নিন্দনীয়’। তিনি আশা প্রকাশ করেন, কয়েক দিনের মধ্যেই অফকম এ বিষয়ে অগ্রগতি জানাবে।

এই সমালোচনার জবাবে এক্স গ্রোকের ছবি তৈরির ফিচার সীমিত করেছে। এখন আর এটি বিনা মূল্যে ব্যবহার করা যাচ্ছে না; মাসিক ফি দেওয়া ব্যবহারকারীরাও সীমিত আকারে ফিচারটি ব্যবহার করতে পারবেন। তবে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, এই ব্যবস্থা যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য অপমানজনক।

বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, বিনা মূল্যের এআই টুল ব্যবহার করে বহু নারীর ছবি তাদের অনুমতি ছাড়াই বিকৃত করে নগ্ন বা যৌন ইঙ্গিতপূর্ণভাবে উপস্থাপন করা হয়েছে। এমনকি ইলন মাস্কের এক সন্তানের মা অ্যাশলি সেন্ট ক্লেয়ার অভিযোগ করেছেন, গ্রোক ব্যবহার করে তার সন্তানের শৈশবের ছবিও যৌন ইঙ্গিতপূর্ণভাবে বিকৃত করা হয়েছিল। তিনি দাবি করেন, এ ধরনের অবৈধ কনটেন্ট ঠেকাতে এক্স যথাযথ ব্যবস্থা নেয়নি।

অফকম জানিয়েছে, তারা এক্সের কাছে দ্রুত ব্যাখ্যা চেয়েছে এবং প্রতিষ্ঠানটি একটি জবাব দিয়েছে। এখন বিষয়টি জরুরি ভিত্তিতে পর্যালোচনা করা হচ্ছে। যুক্তরাজ্যের অনলাইন সেফটি অ্যাক্ট অনুযায়ী, নিয়ম না মানলে অফকম এক্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে, এমনকি যুক্তরাজ্যে প্ল্যাটফর্মটি ব্লক করার উদ্যোগও নেওয়া হতে পারে।

এ বিষয়ে ইলন মাস্ক বলেন, এক্সের বিরুদ্ধে চলমান সমালোচনা মূলত সেন্সরশিপ আরোপের জন্য অজুহাত তৈরির চেষ্টা। তবে প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল স্পষ্ট করে বলেছেন, যদি অফকম এক্সকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়, সরকার তাতে পূর্ণ সমর্থন দেবে।

বিবিসি

আফরিনা সুলতানা/