ইংল্যান্ডের বিপক্ষে ১৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল নেপাল। কিন্তু অভিজ্ঞতায় পিছিয়ে থাকা দলটি শেষ মুহূর্তের চাপ সামলাতে পারেনি। শেষ ওভারের রোমাঞ্চে ৪ রানের জয় পেয়েছে ইংলিশরা।
রান তাড়া করতে নেমে ঝড়ো সূচনা পায় নেপাল। প্রথম তিন ওভারেই আসে ৩১ রান। ৭ রান করে আউট হন আসিফ শেখ। আর কুশল বুর্ত্তাল আউট হন ১৭ বলে ২৬ রানে।
তৃতীয় উইকেটে খেলতে আসেন দীপেন্দ্র সিং আইরি। তাকে নিয়ে ৮২ রানের জুটি গড়েন দলনেতা রোহিত পৌদ্দেল। এই জুটিতে জয়ের স্বপ্ন দেখছিলো নেপাল। কিন্তু দুজনের বিদায়ের পর আর দলের হাল ধরতে পারেননি কেউই। ব্যাট হাতে ২৯ বলে ৪৪ রানে আইরি ও ৩৪ বলে ৩৯ রানে পৌদ্দেল আউট হন।
এরপর লড়াই চালিয়ে যান লোকেশ বাম। শেষ ৩ ওভারে দরকার ছিল ৪৬ রান। সেখান থেকে ১৮তম ওভারে ১৬ রান এবং ১৯তম ওভারে ২০ রান করে দল। ফলে জিততে হলে মাত্র ১০ রান দরকার ছিল শেষ ওভারে। কিন্তু স্যাম কারেনের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ড জয় তুলে নেয়। নেপালের ইনিংস থামে ১৮০ রানে। ২০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন লোকেশ বাম।
এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় তারা। ২ বলে ১ রান করে আউট হন ওপেনার ফিল সল্ট। আর ১৭ বলে দ্রুত ২৬ রান করে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার জস বাটলার। এদিকে ব্যাট হাতে মাত্র ২ রান করেছেন টম ব্যান্টন।
ফিফটির দেখা পেয়েছেন জ্যাকব বেটেল ও দলনেতা হ্যারি ব্রুক। মাত্র ৩৫ বলে চারটি করে চার ও ছয়ের সাহায্যে ৫৫ রান করেন বেটেল। আর ৫৩ রানে আউট হন ব্রুক। মাত্র ৩২ বলে খেলা তার এই ইনিংসটি চারটি চার ও তিনটি ছয়ে সাজানো। এছাড়া স্যাম কারেন ২ রান করেন। ৩৯ রানে উইল জ্যাকস ও শূন্য রানে লিয়াম ডসন অপরাজিত থাকেন।
-এমইউএম










